প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন চারজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতি তাদের শপথ পাঠ করাবেন।

সূত্রের খবর অনুযায়ী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে পারেন সাচিং প্রু জেরী এবং ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন শামীম কায়সার লিংকন।

সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র থেকে জানা গেছে, মন্ত্রিসভায় আরও কিছু পরিবর্তন আসছে। বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হতে যাচ্ছেন। অন্যদিকে, বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। এই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে।

সন্ধ্যা সাড়ে সাতটায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর নতুন রাষ্ট্রপতি তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর শপথ পাঠ করাবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় স্থানীয় সরকার মন্ত্রীর পদটি শূন্য হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রায় দুই দশক পর ক্ষমতায় আসে বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়, যেখানে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছিলেন।

প্রতিমন্ত্রীদের মধ্যে কায়সার কামাল গত মার্চে ডেপুটি স্পিকারের দায়িত্ব পান এবং ১ জুন পদত্যাগ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। বর্তমানে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন, যাদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।