বর্ষা মৌসুম শুরু হতেই পানিতে তলিয়ে গেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। দীর্ঘ সময় পানি জমে থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। এছাড়া বিদ্যালয়ে প্রবেশের পথ কাদাময় ও পিচ্ছিল হয়ে পড়ায় শিক্ষার্থীদের পানি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে।
রহমতপুর ইউনিয়নের পশ্চিম রাজগুরু ও দক্ষিণ ভুতেরদিয়া এলাকার স্থানীয়দের মতে, মাঠটি আশপাশের এলাকার তুলনায় নিচু হওয়ায় এই সমস্যা। পাশাপাশি সড়ক নির্মাণের সময় পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা ও প্রয়োজনীয় স্থানে কালভার্ট না থাকায় প্রতিবছর বর্ষায় একই পরিস্থিতির সৃষ্টি হয়।
সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে দেখা যায়, মাঠের বড় অংশ পানিতে ডুবে আছে এবং কোথাও কোথাও শ্যাওলা ও জলজ উদ্ভিদ জমেছে। প্রবেশের রাস্তার একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে শিক্ষার্থীরা কষ্ট করে বিদ্যালয়ে ঢুকছে।
অভিভাবক কাইয়ুম হোসেন খান বলেন, "সন্তানদের স্কুলে পাঠিয়ে আমরা দুশ্চিন্তায় থাকি। যেকোনো সময় কোনো শিক্ষার্থী পানিতে পড়ে দুর্ঘটনার শিকার হতে পারে। মাঠ ভরাটের পাশাপাশি পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করা জরুরি।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম দুলাল জানান, বর্ষায় মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে যায় এবং বিদ্যালয়ে প্রবেশেও চরম সমস্যা হয়। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপন বলেন, "আমি এই উপজেলায় নতুন যোগ দিয়েছি। বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে। পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ও সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা জানান, নিচু বিদ্যালয় মাঠের জলাবদ্ধতার বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। ইতোমধ্যে কয়েকটি বিদ্যালয়ের মাঠ ভরাটের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, "পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টি দেখেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পানি নিষ্কাশন ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে।"