সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব শত্রুতার জেরে জুমার নামাজে যাওয়ার পথে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বন্দুকের গুলিতে দুজন আহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (নারায়ণপুর) গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন তিলক গ্রামের মিসবাহ উদ্দিন (৩০) ও নারায়ণগঞ্জ গ্রামের আবদুল হাকিম (৭০)। তাদের গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণপুর গ্রামের রাসেল মিয়ার সঙ্গে একই গ্রামের আতাব মিয়ার দীর্ঘদিনের বিরোধ ছিল। শুক্রবার দুপুরে জুমার নামাজে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে উভয় পক্ষ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় রাসেলের পক্ষের ছোড়া গুলিতে আতাব মিয়ার পক্ষের মিসবাহ ও আবদুল হাকিম গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"