দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এবার মন্ত্রিসভা সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে সরকার। বেশ কয়েকটি মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদলের সম্ভাবনা রয়েছে এবং মন্ত্রিসভায় নতুন করে চারজন নেতা যুক্ত হতে পারেন বলে জানা গেছে।
শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল সূত্র থেকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন বা পরিবর্তন হতে পারে।
মন্ত্রিসভায় নতুন সদস্য হিসেবে ড. মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও শামীম কায়সার লিংকন শপথ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, "বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি জোটের নেতাদের মধ্য থেকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে।"
এই রদবদল বা সম্প্রসারণ বিষয়ে আজ শুক্রবার সন্ধ্যার দিকে অথবা আগামীকাল শনিবার (২২ আগস্ট)ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানানো হয়। এ বিষয়ে এই সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে।
অন্য একটি সূত্র জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের পরেই সরকারের মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ইতোমধ্যে কয়েকটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সরকারি যানবাহন অধিদপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, "মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে তিন থেকে পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। পতাকাবাহী এসব গাড়ির জন্য নির্ধারিত চালকসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।"
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে প্রায় দুই দশক পর ক্ষমতায় আসে বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রিসভায় ২৩ জন মন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় ১০ জন উপদেষ্টা রয়েছেন।