সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক ভুয়া সদস্যকে চোরাই মালামালসহ আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম সাইফুর রহমান রুনেল (৩৯), তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত মাসুক আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌরসভার জাকারিয়া আবাসিক হোটেলের ২০৩ নম্বর কক্ষটি ভাড়া নেন রুনেল। ২০ আগস্ট বিকেলে বিজিবির লোগোযুক্ত পোশাক ও ট্রাভেল ব্যাগ নিয়ে হোটেল থেকে বের হওয়ার সময় ম্যানেজারের সন্দেহ হয়। এরপর হোটেলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা এবং রুম তল্লাশিতে দেখা যায়, কক্ষের ২৪ ইঞ্চি এলইডি টিভি, বাথরুমের লুকিং গ্লাস, বেসিন শেলফ ও তোয়ালে নিখোঁজ।
চুরির পর গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়াবাজার এলাকা থেকে হোটেল কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় তার কাছ থেকে চুরি হওয়া সব মালামাল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিজিবির ভুয়া পরিচয় দিয়ে চুরির কথা স্বীকার করেছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, "বিজিবির ভুয়া পরিচয়ে হোটেলে উঠে চুরির ঘটনাটি ঘটিয়েছে রুনেল। পরে পালিয়ে যাওয়ার সময় মালামালসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় চুরির মামলা দিয়ে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।"