পাবনার ঈশ্বরদীতে দেশীয় তৈরি শুটারগান ও কার্তুজসহ আলম সরদার (৪৪) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভারইমারী মাথালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলম সরদার রাজশাহী জেলার পুঠিয়া থানার সৈয়দপুর গ্রামের আফসার সরদারের ছেলে। পুলিশ ও র‌্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার জানান, "গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার সংবাদ পেয়ে র‌্যাবের একটি টহল দল অভিযান চালায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে আলম সরদারকে হাতেনাতে আটক করা হয়। পরে তার তল্লাশি চালিয়ে একটি দেশীয় শুটারগান, এক রাউন্ড কার্তুজ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।"

র‌্যাব আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম সরদার অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় শুক্রবার (২১ আগস্ট) ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। পুলিশ তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

সাম্প্রতিক সময়ে ঈশ্বরদী ও এর আশপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত সোমবার (১৭ আগস্ট) প্রকাশ্যে কাফনের কাপড় জড়িয়ে শটগান হাতে মহড়া দেন সাবেক এক ছাত্রদল নেতা। এর দুদিন পর উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক আহ্বায়কের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ ছাড়া গত রাতেও পাবনা শহরের বাংলা বাজার এলাকায় দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এসব সহিংস ঘটনার পরপরই অস্ত্র কেনাবেচাকালে এই গ্রেপ্তারের ঘটনা এলাকায় নতুন করে কৌতুহল ও আলোচনার সৃষ্টি করেছে।