মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আহত একটি বিরল প্রজাতির উল্টোলেজি বানর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে শ্রীমঙ্গলের শ্যামলী আবাসিক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বানরটি হঠাৎ মাটিতে পড়ে গেলে স্থানীয় বাসিন্দারা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা আহত বানরটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, "উদ্ধার করা বানরটিকে পরবর্তী চিকিৎসার জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। সুচিকিৎসা নিশ্চিতের পর বানরটি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে সেটিকে পুনরায় বনে অবমুক্ত করা হবে।"