নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতা হত্যা এবং দেশজুড়ে সন্ত্রাস ও চাঁদাবাজির প্রসারে জনমনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি সতর্ক করে বলেন, অপরাধীদের শাস্তি প্রদানে উদাসীনতা দেখালে বা আইনের ফাঁকফোকর দিয়ে তারা মুক্তি পেলে দেশব্যাপী ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়বে।
শুক্রবার (২১ আগস্ট) পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর জানান, গতকাল রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সহসভাপতি মুজাহিদুল ইসলাম বুলবুলকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেয় এলাকার কুখ্যাত সন্ত্রাসী শেখ সিফাত ও তার দলবল। সিফাতের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের অসংখ্য অভিযোগ ও মামলা থাকা সত্ত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। প্রশাসনের এই উদাসীনতার কারণেই মুজাহিদুল ইসলাম বুলবুলকে প্রাণ দিতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হলেও তাদের যথাযথ শাস্তি হবে কি না, তা নিয়ে ইসলামী আন্দোলনসহ পুরো জাতি সন্দিহান বলে তিনি উল্লেখ করেন। সরকারকে সতর্ক করে তিনি বলেন, "এই সন্ত্রাসী ও তার দলবলের শাস্তি প্রদানে উদাসীনতা দেখা গেলে বা আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা ছাড় পেলে দেশব্যাপী ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়বে। সরকারকে সতর্ক করে বলব, আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর হতে হবে।"
দলের এই সভায় আরও উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) প্রভাষক মুফতি আহমদ আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শেখ মুহাম্মদ নুরুন নাবী, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) হাফেজ মাওলানা প্রভাষক মো. আলমগীর হোসাইন তালুকদার, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম এবং সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) ইঞ্জিনিয়ার শেখ মারুফ প্রমুখ।