প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খোঁজ নিয়ে থাকছে নিয়মিত আয়োজন।
‘ব্লাড স্যাক্রিফাইস’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
দুই পুলিশ কর্মকর্তার নৃশংস হত্যাকাণ্ডের পর একের পর এক রহস্যময় খুনের ঘটনা সামনে আসে। সেই হত্যাকারীকে ধরতে বহুদিনের দূরত্ব ভুলে বাবার সঙ্গে জোট বাঁধে এক গোয়েন্দা। সুইডিশ ক্রাইম থ্রিলার সিরিজটি এগিয়েছে কেন্দ্রীয় চরিত্রে জ্যাকব অফটেব্রোর অভিনয়ে। এ ছাড়া আছেন পিটার অ্যান্ডারসন। পাঁচ পর্বের সিরিজটি তৈরি করেছেন জর্জ কে। স্টকহোম ও আশপাশে ধারণ করা সিরিজটিতে তদন্তের পাশাপাশি বাবা-ছেলের জটিল সম্পর্কও গুরুত্ব পেয়েছে।
‘জন নায়গন’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জি৫
দিনক্ষণ: চলমান
নানা জটিলতার পর গত মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় জন নায়গন। থালাপতি বিজয় অভিনীত শেষ সিনেমাটি এবার ওটিটিতেও এসেছে। রাজনৈতিক অ্যাকশন ছবিটি পরিচালনা করেছেন এইচ ভিনোথ। কেভিএন প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন ভেঙ্কট কে নারায়ণা।
সিনেমায় বিজয় সাবেক পুলিশ কর্মকর্তা ভেত্রি কোন্ডান—যিনি বর্তমানে সমাজসেবামূলক কাজ করেন। বাইরের থেকে সাধারণ জীবন কাটালেও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার পুরোনো স্বভাব তাঁর মধ্যে রয়ে গেছে। তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে দত্তক নেওয়া মেয়ে ভিজি, যাকে তিনি নিজের সন্তানের মতো বড় করেন। গল্পের মোড় ঘোরে যখন ভেত্রি এমন এক দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ও অপরাধী চক্রের মুখোমুখি হন, যার নেতৃত্বে রয়েছে ভয়ংকর অপরাধী জন হিমলার (ববি দেওল)।
‘টয় স্টোরি ৫’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
শৈশবের নস্টালজিয়া আর নতুন সময়ের প্রযুক্তি—এই দুইয়ের সংঘাত নিয়ে জুনে বড় পর্দায় ফিরেছে অ্যানিমেশন জগতের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি টয় স্টোরি। প্রেক্ষাগৃহে দুর্দান্ত ব্যবসার পর সিনেমাটি এবার ঘরে বসেই দেখা যাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন অস্কারজয়ী অ্যান্ড্রু স্ট্যান্টন।
বরাবরের মতো এবারও উডি, বাজ লাইটইয়ার ও জেসিকে ঘিরেই এগিয়েছে গল্প। তবে এবারের প্রতিপক্ষ কোনো দুষ্টু মানুষ বা খেলনা নয়—বরং প্রযুক্তি। গল্পে বনি নামের শিশুটির জীবনে হাজির হয় নতুন প্রযুক্তিনির্ভর খেলনা লিলিপ্যাড। দেখতে ট্যাবলেটের মতো নতুন চরিত্রটি বাচ্চাদের খেলার ধরনই বদলে দিতে চায়। ফলে পুরোনো খেলনাগুলো নিজেদের জায়গা হারানোর শঙ্কায় পড়ে। খেলনার জগতে শুরু হয় প্রযুক্তি বনাম ঐতিহ্যের এক মজার লড়াই।
দুই দিনেই ১০০ কোটি পার, মুক্তির পরেই ঝড় তুলেছে মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ ছবি।
‘ল্যান্টার্নস’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: জিওহটস্টার/এইচবিও
দিনক্ষণ: চলমান
গ্রিন ল্যান্টার্ন চরিত্রকে ঘিরে নির্মিত এই সিরিজে সুপারহিরো গল্পের পাশাপাশি যুক্ত হয়েছে নতুন উপাদান—খুনের রহস্য, তদন্ত, অপরাধ আর দুই প্রজন্মের দুই ল্যান্টার্নের জটিল সম্পর্ক। সিরিজের প্রধান দুই চরিত্রে আছেন কাইল চ্যান্ডলার ও অ্যারন পিয়ের। দুজনই মহাজাগতিক শান্তিরক্ষী বাহিনী গ্রিন ল্যান্টার্ন কর্পসের সদস্য।
নেব্রাস্কার একটি শহরে একটি মৃত্যুর তদন্ত শুরু করেন হ্যাল ও জন। প্রথমে ঘটনাটি সাধারণ হত্যাকাণ্ড মনে হলেও তদন্ত যত এগোয়, ততই স্পষ্ট হয়—এই খুনের পেছনে এমন কিছু শক্তি কাজ করছে, যার প্রভাব পৃথিবীর বাইরেও ছড়িয়ে পড়তে পারে। ফলে সিরিজটি ধীরে ধীরে সাধারণ ক্রাইম থ্রিলার থেকে হয়ে ওঠে মহাজাগতিক ষড়যন্ত্রের গল্প।