চা-বাগানের শ্রমিকদের মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটি লোকগানকে নতুন সংগীতায়োজনে উপস্থাপন করেছে কোক স্টুডিও বাংলা। গতকাল রাতে ‘মুল্লুক’ শিরোনামে গানটি প্রকাশিত হয়েছে, যা চতুর্থ মৌসুমের চতুর্থ গান।

গানটিতে চা-শিল্পীদের ইতিহাস, শিকড়ে ফেরার তীব্র আকাঙ্ক্ষা এবং নিজস্ব পরিচয় ও ঠিকানা খোঁজার গল্প ফুটিয়ে তোলা হয়েছে। শতবর্ষ আগে চা-শিল্পীদের জীবন এবং ‘মুল্লুক চলো আন্দোলন’-এর ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে গানটির ভাবনা নেওয়া হয়েছে। সেই সময়ের সংগ্রামের পাশাপাশি নিজের মাটিতে ফিরে যাওয়ার আকুতি এখানে স্পষ্টভাবে উঠে এসেছে।

লোকগানের মূল অংশের সঙ্গে নতুন কথা ও সুর যুক্ত করেছেন শিবু কুমার শীল। গানটিতে কণ্ঠ দিয়েছেন চা-শিল্পী রনজু তাঁতি ও রঞ্জিত তাঁতি। তাঁদের কণ্ঠের সাথে যুক্ত হয়েছে মেঘদলের সংগীত এবং শ্রীমঙ্গলের ঢোলের ঐতিহ্যবাহী ছন্দ।

কোক স্টুডিও বাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গানটি তাঁদের জন্যও উৎসর্গ করা হয়েছে, “যাঁরা পরিশ্রম করে ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখেন।”

বর্তমানে কোক স্টুডিও বাংলার অফিশিয়াল চ্যানেল এবং বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি শোনা যাচ্ছে।