দেখতে দেখতে ৮ বছর পেরিয়ে আজ ৯ বছর পূর্ণ হচ্ছে। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের আজ নবম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে মারা যান নায়করাজ রাজ্জাক। দেশের চলচ্চিত্রের গুণী এই অভিনয়শিল্পী স্মরণে আবেগঘন পোস্ট দিয়েছেন নায়ক শাকিব খান। রাজ্জাককে নিজের অভিভাবক ও মাথার ওপর ছায়া হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘তাঁকে (নায়করাজ রাজ্জাক) হারানোর বেদনা আমার কাছে নিজের অভিভাবক হারানোর মতো, খুবই ব্যক্তিগত।’

আজ শুক্রবার ফেসবুকে এক পোস্টে শাকিব খান লিখেছেন, ‘নায়করাজ রাজ্জাক আঙ্কেলকে হারানোর ৯ বছর আজ। তাঁকে হারানোর শূন্যতা আজও সমানভাবে অনুভব করি। তিনি শুধু একজন কিংবদন্তি নায়ক ছিলেন না, ছিলেন আমাদের চলচ্চিত্রের অভিভাবক, অনুপ্রেরণা ও ভালোবাসার এক বিশাল আশ্রয়।’

রাজ্জাকের সঙ্গে নিজের সম্পর্কের কথা উল্লেখ করে শাকিব লিখেছেন, ‘বিশেষ করে তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো। স্নেহ দিয়েছেন, আগলে রেখেছেন, পরামর্শ দিয়েছেন। অনেক দিন দেখা না হলেও কীভাবে যেন বুঝে যেতেন, আমি কেমন আছি, কিসের মধ্য দিয়ে যাচ্ছি! তাঁকে হারানোর বেদনা আমার কাছে নিজের অভিভাবক হারানোর মতো, খুবই ব্যক্তিগত।’

নায়করাজ রাজ্জাককে বাংলাদেশের চলচ্চিত্রের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে শাকিব লিখেছেন, ‘তিনি নেই, কিন্তু তাঁর স্নেহ, শিক্ষা ও আশীর্বাদ এখনো আমার পথচলার অনুপ্রেরণা। বাংলাদেশের চলচ্চিত্র যত দিন থাকবে, নায়করাজ তত দিন থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের অহংকার হয়ে।’

পোস্টের শেষে নায়করাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে শাকিব বলেন, ‘শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি আপনাকে। শান্তিতে থাকুন, আমাদের প্রিয় নায়করাজ।’