ভোলার দৌলতখানে অবৈধ পেট্রোল, ডিজেল ও অকটেনের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এই দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যার দিকে দৌলতখান পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের বেঁড়িবাধ সংলগ্ন তেলের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আহত তিনজনকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেল ব্যবসায়ী শাহাবুদ্দিনের অবৈধ গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরও ৫টি গোডাউনে। স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ তেলের গোডাউনের কোনো লাইসেন্স ছিল না। প্রাথমিক ধারণা অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার পর দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

দৌলতখান ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোখলেছুর রহমান মুক্তকণ্ঠকে জানান, "অবৈধ তেলের গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।"