সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের মূল্যবান ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে ‘গ্রেগরিয়ান জাদুঘর’ তৈরির উদ্যোগ নিয়েছে দি গ্রেগরিয়ান সোসাইটি (টিজিএস)। ‘রক্ষা এবং সংরক্ষণ’ স্লোগান নিয়ে পরিচালিত এই উদ্যোগটি দেশের যেকোনো বিদ্যালয়ে জাদুঘর তৈরির ক্ষেত্রে একটি প্রথম এবং যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
একদল একনিষ্ঠ সাবেক গ্রেগরিয়ানের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার ফসল এই জাদুঘর। স্কুল প্রাঙ্গণে নির্মিত হতে যাওয়া এই জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর, ২০২৬ তারিখে।
সম্প্রতি জাদুঘরটি নির্মাণের বিষয়ে সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে টিজিএস। চুক্তিতে স্বাক্ষর করেন টিজিএসের সহসভাপতি ১৯৭৪ ব্যাচের রিজওয়ান খাইর এবং সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো সিএসসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৯৮২ ব্যাচের মো. হাফিজ, ১৯৮৭ সালের রিচার্ড গোমেজসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কুলের শিক্ষকবৃন্দ ও টিজিএসের অন্যান্য সদস্যবৃন্দ।
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত দি গ্রেগরিয়ান সোসাইটির সদস্যরা এই জাদুঘর নির্মাণে অবদান রেখেছেন। শত বছরের পুরোনো এই প্রতিষ্ঠানের ইতিহাস সংরক্ষণ এবং শিক্ষার্থীদের অর্জনগুলো আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে এই জাদুঘর বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সোসাইটির সদস্যরা।