বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর, গুণগত মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর কৌশলগত নেতৃত্ব ও সুশাসন শক্তিশালী করার লক্ষ্যে আগামী শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএম-এ একটি জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপ শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত এই সংলাপটি চলবে দুই দিনব্যাপী।

ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন 'হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন' (হিট) প্রকল্পের আওতায় এই আয়োজন। সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন উপাচার্যসহ নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরা অংশ নেবেন।

বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ, শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা, গুণগত মান ও জবাবদিহির ক্রমবর্ধমান প্রত্যাশা এবং বৈশ্বিক প্রতিযোগিতার মতো নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে বাংলাদেশের উচ্চশিক্ষা। এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উদ্ভাবনী, জবাবদিহিমূলক ও সুশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পাশাপাশি পরিবর্তিত বিশ্বের উপযোগী দক্ষ গ্র্যাজুয়েট তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

দুই দিনের এই সংলাপে উচ্চশিক্ষায় কৌশলগত নেতৃত্ব ও সুশাসন, নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়, পাঠদানের উৎকর্ষ ও মূল্যায়ন, মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিকীকরণ, গবেষণা, উদ্ভাবন এবং বিশ্ববিদ্যালয়-শিল্পখাত সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এছাড়া উপাচার্যদের গ্রুপ আলোচনা, আর্থিক ও ক্রয় ব্যবস্থাপনা, উচ্চশিক্ষার রূপান্তরে হিট প্রকল্পের উদ্যোগসমূহের ভূমিকা, পাঠ্যক্রম সংস্কার, শিক্ষার্থী সহায়তা ও কর্মসংস্থান যোগ্যতা এবং উচ্চশিক্ষার কৌশলগত পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় স্থান পাবে।

সংলাপের প্রথম দিনে সকাল ১১টায় উচ্চশিক্ষার নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময় পর্বে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহ্দী আমিন। অন্যদিকে, ২২ আগস্ট বিকেল ৩টায় সমাপনী সেশনে যোগ দেবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। পুরো সেশনে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

এই সংলাপের মূল লক্ষ্য হলো দেশের উচ্চশিক্ষার প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে একটি অভিন্ন ধারণা তৈরি করা এবং বিশ্ববিদ্যালয় নেতৃত্বের মধ্যে অভিজ্ঞতা ও ভালো চর্চা বিনিময় করা। এর মাধ্যমে একাডেমিক নেতৃত্ব ও সুশাসন শক্তিশালীকরণ, মানসম্মত পাঠদান, গবেষণা ও উদ্ভাবন সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়-শিল্পখাত সহযোগিতা বৃদ্ধির পথ খোঁজা হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রূপান্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ উচ্চশিক্ষার কার্যকর করণীয় নির্ধারণ করা হবে। সংলাপ থেকে প্রাপ্ত পর্যবেক্ষণ ও সুপারিশসমূহ ভবিষ্যৎ হিট প্রকল্পের উদ্যোগ এবং দেশের উচ্চশিক্ষা রূপান্তর কার্যক্রমে বিবেচনার জন্য সংকলিত করা হবে।