চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশিত হতে পারে বলে জানা গেছে। ওই দিন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনের এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্রটি আরও জানায়, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর প্রস্তাব করা হয়েছে। যারা ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন, তাদেরও একাদশ শ্রেণিতে ভর্তির জন্য পুনরায় আবেদন করতে হবে। তবে পুনর্নিরীক্ষণের মাধ্যমে যাদের ফলাফলে পরিবর্তন আসবে, তাদের জন্য পুনরায় আবেদনের সুযোগ দেওয়া হবে। ১০ সেপ্টেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হওয়ার কথা।

এই সময়সূচি নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে এবং আজকের মধ্যেই মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন পাওয়ার আশা করা হচ্ছে।

এ বছর ফল পুনর্নিরীক্ষণের জন্য প্রায় ১৩ লাখ আবেদন জমা পড়েছে, যার মধ্যে তত্ত্বীয় (লিখিত) বিষয়ে ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক বিষয়ে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি আবেদন রয়েছে। গড়ে একজন শিক্ষার্থী তিনটি বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন।

বোর্ড-ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে তত্ত্বীয় বিষয়ে ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক বিষয়ে ৫৮ হাজার ১২টি—মোট ৩ লাখ ৩৫ হাজার ৬৭৭টি আবেদন পড়েছে।

এছাড়া কুমিল্লা বোর্ডে ১ লাখ ১২ হাজার ৬১১টি, রাজশাহী বোর্ডে ১ লাখ ২২ হাজার ২২৮, যশোর বোর্ডে ৯১ হাজার ৫৯, চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩৭ হাজার ৬০১, বরিশাল বোর্ডে ৬১ হাজার ৮৬, সিলেট বোর্ডে ৬০ হাজার ৯৭৪, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১১ হাজার ২৬০ ও ময়মনসিংহ বোর্ডে ৮৭ হাজার ১৫৭টি আবেদন জমা পড়েছে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৫৯টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫১ হাজার ২১৪টি আবেদন পড়েছে।