বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপির নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫টি ভোট পেয়ে তিনি বিজয়ী হন। এই খবর ছড়িয়ে পড়তেই ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়সহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা আনন্দ মিছিল করেন এবং মিষ্টি বিতরণ করে এই খুশির খবর ভাগ করে নেন। অনেক স্থানীয় বাসিন্দা এই ঘটনাকে ঠাকুরগাঁওবাসীর জন্য একটি ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন।
জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, "মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ঠাকুরগাঁওবাসীর জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের স্বীকৃতি হিসেবে এই অর্জনকে আমরা দেখছি।"
অন্যদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বলেন, "প্রিয় নেতার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে ঠাকুরগাঁওয়ের মানুষ আনন্দিত। তার নেতৃত্ব, প্রজ্ঞা ও অভিজ্ঞতায় দেশ আরও সমৃদ্ধ হবে এটাই আমাদের প্রত্যাশা।"
পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরীফ তার প্রতিক্রিয়ায় বলেন, "মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু বিএনপির নেতা নন, তিনি ঠাকুরগাঁওয়ের গর্ব। তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের মর্যাদা আরও উজ্জ্বল হয়েছে।"
রাজনৈতিক অঙ্গনের বাইরেও এই আনন্দের বহিঃপ্রকাশ ঘটেছে। ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান তানু বলেন, "ঠাকুরগাঁওয়ের একজন কৃতী সন্তান রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হয়েছেন— এটি নিঃসন্দেহে জেলার মানুষের জন্য আনন্দ ও গর্বের বিষয়। তার নতুন দায়িত্বে সফলতা কামনা করছি।"
জেলা বিএনপির শীর্ষ নেতাদের মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা ও প্রজ্ঞা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় বাসিন্দা মকলেসুর রহমান জানান, "মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। এটি পুরো ঠাকুরগাঁওবাসীর জন্য গর্বের বিষয়। তার এই অর্জনে জেলার মানুষের মর্যাদা ও গর্ব আরও বেড়েছে।"
মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বে থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।