পঞ্চগড় সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৮টি ভারতীয় গরু আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। বুধবার (১৯ আগস্ট) পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের চিয়াপাড়া সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী ঘাগড়া বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। দলটির নেতৃত্বে ছিলেন সুবেদার মো. রফিকুল ইসলাম।

বিজিবি জানিয়েছে, সীমান্ত পিলার ৭৫৫/৮-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের চিয়াপাড়া এলাকায় অভিযানটি চালানো হয়। সেখানে মালিকবিহীন অবস্থায় ৪৮টি ভারতীয় গরু আটক করা হয়।

বিজিবির দাবি, "সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং অভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে।"

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধভাবে মাদক ও অন্যান্য পণ্য প্রবেশ এবং চোরাচালান বন্ধে নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালানের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।