জাতীয় সংসদের সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচনী ফলাফল অনুযায়ী, মোট ৩৪৯টি ভোটের মধ্যে মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

বিশ্লেষণ করে দেখা গেছে, মির্জা ফখরুল তার নিজ দল বিএনপির সংসদ সদস্যদের মোট ভোটের চেয়ে ১১টি বেশি ভোট পেয়েছেন। বিএনপির ২০৮ জন নির্বাচিত সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী আসনের ৩৬ জনসহ দলটির নিজস্ব ভোট ছিল ২৪৪টি। এর বাইরে জোটসঙ্গীদের তিনটি, স্বতন্ত্র সংসদ সদস্যদের সাতটি এবং ইসলামী আন্দোলনের একজন সংসদ সদস্যের ভোট পেয়ে তার মোট ভোট সংখ্যা ২৫৫-এ দাঁড়ায়।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সংসদ সদস্যদের উপস্থিতিতে ব্যালট বাক্স খোলা হয় এবং নির্ধারিত নিয়মে ভোট গণনা করা হয়। সবশেষে বিকেল ৫টা ১৮ মিনিটে সিইসি ফলাফল ঘোষণা করেন।

রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় মির্জা ফখরুল নিজে ভোট দিতে সক্ষম হলেও, সংসদ সদস্য না হওয়ায় তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ ভোট দিতে পারেননি।

এই নির্বাচনে মোট ছয়জন সংসদ সদস্য ভোট দেননি। চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় ভোট দিতে পারেননি বিএনপির মির্জা আব্বাস। এছাড়া ভোটদানে অনুপস্থিত ছিলেন ওসমান ফারুক, মোস্তফা কামাল পাশা, জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিশের আবুল হাসান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

ফলাফল ঘোষণার পর জাতীয় সংসদে উপস্থিত সংসদ সদস্যরা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান। আগামী ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।