বরিশালের বানারীপাড়ায় অস্ত্র মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাসেল মুন্সীর খোঁজ পেয়েছে র্যাব-৮। দীর্ঘ প্রায় এক যুগ পর গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বরিশাল র্যাব-৮-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত রাসেল মুন্সী বানারীপাড়া উপজেলার বিশারকান্দি এলাকার সেরজাহান মুন্সীর ছেলে বলে জানা গেছে।
র্যাব-৮ সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর পুলিশ রাসেল মুন্সীর কাছ থেকে একটি ওয়ানশুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে তাকে গ্রেপ্তার করেছিল। ওই দিনই বানারীপাড়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম ও সাক্ষ্যগ্রহণের পর অভিযোগ প্রমাণিত হলে ২০২০ সালের অক্টোবর মাসে আদালত তাকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে রায় ঘোষণার আগেই রাসেল মুন্সী পলাতক হয়ে যান, যার ফলে পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
র্যাব জানায়, পরোয়ানা তামিলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মুন্সীর গ্রেপ্তারের জন্য র্যাব-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এরপর র্যাব-৮-এর বরিশাল সদর কোম্পানি আসামির অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের কালিয়াকৈর এলাকায় তার অবস্থান নিশ্চিত করা হয়। পরবর্তীতে র্যাব-৮-এর বরিশাল সদর কোম্পানি ও র্যাব-১-এর গাজীপুর সিপিএসসির সমন্বিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
এই বিষয়ে র্যাব-৮-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি বলেন, "গ্রেপ্তার রাসেল মুন্সীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে গাজীপুরের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।"