বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে আল্লামা মামুনুল হক বলেন, "ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনের পর প্রত্যাশা করেছিলাম, রাষ্ট্রব্যবস্থায় শুধু ব্যক্তি বা সরকার পরিবর্তন নয়, বরং ক্ষমতার কাঠামোতেও মৌলিক পরিবর্তন আসবে। কিন্তু দুঃখজনকভাবে এখনও সংবিধান সংস্কার হয়নি। বরং বিতর্কিত ৭০ ধারার মতো পুরোনো কাঠামো বহাল রেখেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এমনটা আশা করিনি।"

তিনি আরও বলেন, "জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দ্বিকক্ষ সংসদের সদস্যদের গোপন ব্যালটে নির্বাচন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়োগে প্রধানমন্ত্রীর একক পরামর্শের পরিবর্তে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষমার আবেদনের ক্ষেত্রে ভুক্তভোগী বা তার পরিবারের মতামতের সুযোগ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে চেক অ্যান্ড ব্যালান্স প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।"

মামুনুল হক উল্লেখ করেন, "এসব কাঠামোগত সংস্কার বাস্তবায়নের আগেই পুরোনো ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিয়েছে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মাধ্যমে যে রাষ্ট্রসংস্কারের প্রত্যাশা তৈরি হয়েছিল, তার বাস্তবায়ন কোথায়?"

তিনি রাষ্ট্রপতির কাছে নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে বলেন, "তিনি রাষ্ট্রপতি হিসেবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণের অধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রের ভারসাম্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘ সহযোদ্ধার কাছ থেকে এর চেয়ে কম কিছু আশা করি না।"

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন মামুনুল হক। তিনি আল্লাহ তাআলার কাছে রাষ্ট্রপতির জন্য দেশ ও জনগণের কল্যাণে কাজ করার তাওফিক কামনা করেন।