কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) একজন কমান্ডার ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল বুধবার রাত ৯টার দিকে আশ্রয়শিবিরের ৬ নম্বর ক্যাম্পের ডি-৪ ব্লক থেকে তাঁদের আটক করা হয়।

এপিবিএন সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আরসার কমান্ডারের নাম মোহাম্মদ আলম ওরফে মুছা (৪০) এবং তাঁর সহযোগীর নাম আবদুল হাফেজ (২২)। তাঁরা উভয়েই ওই ক্যাম্পের ডি-৪ ব্লকের বাসিন্দা। এপিবিএনের তথ্য অনুযায়ী, মোহাম্মদ আলম একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া উখিয়া থানায় তাঁর বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "আরসার কমান্ডার মোহাম্মদ আলম ওরফে মুছা ও তাঁর সহযোগী আবদুল হাফেজ আশ্রয়শিবিরের (ক্যাম্প-৬) একটি আস্তানায় অবস্থান করছিলেন। গতকাল রাত ৯টার দিকে এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই রোহিঙ্গা আরসার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।"

গ্রেপ্তারকৃত দুজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।