ঝালকাঠির রাজাপুরে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলার সময় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন রাবেয়া বেগম (২৮) নামের এক নারী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার গালুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চারাখালী গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রাবেয়া বেগম ওই এলাকার আলতাফ হোসেন বেপারীর মেয়ে। তার স্বামী মো. হৃদয় বর্তমানে মালয়েশিয়া প্রবাসী।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে হৃদয়ের সঙ্গে রাবেয়ার পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের বিয়ে হয়। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাবেয়া তার প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। কথা বলার একপর্যায়ে তিনি নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।"