মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়সংলগ্ন আসাদ মার্কেটের সিঁড়িতে পড়ে থাকা একটি মুখ বাঁধা ব্যাগ ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ এসে ব্যাগটি খোলার পর দেখা যায়, ভেতরে কোনো বিস্ফোরক নয়, বরং ছিল গমের আটা। এতে স্থানীয়দের মাঝে স্বস্তি ফেরে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলা শহরে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদ মার্কেটের সিঁড়িতে (যা জামায়াত কার্যালয়ের নিচে অবস্থিত) একটি মুখ আটকানো শপিং ব্যাগ পড়ে থাকতে দেখেন পথচারী ও ব্যবসায়ীরা। ব্যাগটির আকৃতি ও অবস্থান দেখে সেখানে বোমা থাকতে পারে বলে সন্দেহ হয় তাদের। মুহূর্তেই উৎসুক জনতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত পুলিশকে বিষয়টি জানানো হয়।

খবর পাওয়ার পরপরই গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি নিয়ন্ত্রণে নেয়। এরপর সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ব্যাগটির মুখ খোলেন গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল দাস। ব্যাগের ভেতরে কোনো বিস্ফোরক বা বোমার পরিবর্তে কেবল গমের আটা পাওয়া যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, "ব্যাগটিতে বোমা আছে—এমন খবরেই পুলিশ দ্রুত সেখানে যায়। তবে পরীক্ষা করে ভেতরে আটা পাওয়া গেছে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি এবং এ নিয়ে আতঙ্কিত হওয়ারও কিছু নেই।"

তিনি আরও জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।