খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ম্রাসাথোয়াই মারমা। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯, সংশোধনী আইন ১৯৯৭-এর ১৬ক (৪) উপধারা এবং ২০১৪ সালের সংশোধনী আইনের ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১৫ সদস্যবিশিষ্ট এই অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়েছে।
নবনির্বাচিত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা খাগড়াছড়ি সদর উপজেলার আপার পেরাছড়া গ্রামের মৃত মংথাসু মারমার পুত্র। তিনি খাগড়াছড়ি জেলা পরিষদের কোষাধ্যক্ষ হিসেবে দীর্ঘ কর্মজীবন অতিবাহিত করে অবসরে যান। এছাড়া তিনি ‘বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব গ্রহণের পর ম্রাসাথোয়াই মারমা বলেন, "সরকার আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা আমি সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালনের চেষ্টা করব। খাগড়াছড়ির সব জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে পার্বত্য জনপদের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে কাজ করতে চাই।"
তিনি আরও বলেন, "শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে সকলের মতামতকে গুরুত্ব দিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত খাগড়াছড়ি গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য। পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নে জেলা পরিষদকে আরও কার্যকর ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা একসঙ্গে কাজ করব।"