জাতীয় সংসদের সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করেন।
নির্বাচনের ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়েছেন। অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান, "রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিল ৩৪৯ জন। এর মধ্যে বৈধ ভোট ৩৪৩টি, অব্যবহৃত ব্যালট ৬টি। বিভিন্ন ত্রুটির কারণে আইনের মধ্যে থেকে ৪টি ব্যালট রিপ্লেস করা হয়েছে। নির্বাচনে কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট।"
সিইসি আরও জানান, মোট ৩৪৯ ভোটারের মধ্যে ৩৪৩টি ব্যালট ব্যবহার হয়েছে এবং ছয়টি ব্যালট অব্যবহৃত ছিল। ব্যবহৃত ব্যালটের সবগুলোই বৈধ ছিল।
নির্বাচনী প্রক্রিয়ায় মোট ছয়জন সংসদ সদস্য ভোট দিতে পারেননি। তাদের মধ্যে বিএনপির তিনজন হলেন— ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, কিশোরগঞ্জ-৩ আসনের ওসমান ফারুক ও চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। এছাড়া জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিসের আবুল হাসান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ভোট দেননি বলে জানা গেছে।
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করার পর সংসদ সদস্যরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে হাত মেলান। পরবর্তীতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তাকে আলিঙ্গন করে অভিনন্দন জানান এবং অন্যান্য সংসদ সদস্যরাও শুভেচ্ছা বিনিময় করেন।
আগামী শুক্রবার (২১ আগস্ট) নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।