যশোরের কেশবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাসবাহী ট্যাংকার রাস্তার পাশের একটি বসতবাড়িতে ঢুকে পড়েছে। এই ঘটনায় বাড়ির দেয়াল এবং সেখানে থাকা একটি প্রাইভেটকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় ট্যাংকারের চালক ও হেলপার আহত হলেও ঘরে ঘুমিয়ে থাকা পরিবারের সদস্যরা অল্পের জন্য অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন।

বুধবার (২০ আগস্ট) ভোর ৪টার দিকে যশোর-চুকনগর সড়কের কেশবপুর উপজেলার আলতাপোল চারের মাথা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, ট্যাংকারটি ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দেখেন, গ্যাসবাহী ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় স্বাস্থ্যকর্মী হাবিবুর রহমানের বসতবাড়ির ভেতরে ঢুকে পড়েছে। এতে বাড়ির বাথরুমের দেয়াল ও প্রধান ভবনের কিছু অংশ ধসে পড়ে। একই সঙ্গে সেখানে পার্কিংয়ে থাকা কওসার নামের এক ব্যক্তির একটি প্রাইভেটকারও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

গাড়ির মালিক ও ক্ষতিগ্রস্ত পরিবার এই ঘটনার জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে একই সঙ্গে তারা ওই সড়কটিতে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"