কুড়িগ্রামের উলিপুরে পৃথক পৃথক পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া পানিতে পড়ে অসুস্থ হয়ে পড়া ১৫ মাস বয়সী এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার তিনটি ভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—উলিপুর পৌরসভার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের ইউনুস আলীর ছেলে আরমান (৪) এবং তবকপুর ইউনিয়নের উমানন্দ গ্রামের নুর আলমের ছেলে মাসুদ রানা (৩)।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলার সময় পরিবারের অজান্তে পাশের পুকুরে পড়ে যায় মাসুদ রানা। তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একইভাবে পশ্চিম নাওডাঙ্গা গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে নিখোঁজ হয় চার বছরের শিশু আরমান। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের দোকলাপাড়া গ্রামে পুকুরে পড়ে অসুস্থ হয়ে পড়ে রেজওয়ানের ১৫ মাস বয়সী শিশুকন্যা সুমাইয়া খাতুন। তাকে উদ্ধার করে প্রথমে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) তানজিরুল ইসলাম জানান, "হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল। আহত অপর শিশুকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।"
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, "মাসুদ রানার স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।" তিনি আরও জানান, অন্য শিশু আরমানের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।