ঝিনাইদহের কালীগঞ্জে কৃষক নায়েব আলীকে হত্যার দায়ে তার ছেলে আল-আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ড এবং বাবা ইউনুচ আলী পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আল-আমিনকে ৫০ হাজার টাকা এবং ইউনুচ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইউনুচ আলী পাটোয়ারীর বয়স ৫৬ বছর। তারা কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ মে মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেন।
তদন্ত শেষে ২০২৫ সালের ১৮ আগস্ট পুলিশ ইউনুচ আলী ও তার ছেলে আল-আমিন পাটোয়ারীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। বিচারিক প্রক্রিয়ায় মাত্র সাত কার্যদিবসে সাক্ষ্যপ্রমাণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত এই রায় প্রদান করেন।
অল্প সময়ের মধ্যে রায় ঘোষণায় আদালত প্রাঙ্গণে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অন্যদিকে, নিহত নায়েব আলীর পরিবার দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, "মামলার সাক্ষ্যপ্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আদালত যথার্থ রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।"