ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তিন ছাত্রী ক্যাম্পাসে কটূক্তির শিকার হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তাঁদের উদ্দেশে বাজে মন্তব্য করেন কয়েকজন বহিরাগত ব্যক্তি। কটূক্তির প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতা-কর্মী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে সংগঠনটি।
ভুক্তভোগী তিন ছাত্রী রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন।
অন্যদিকে, কটূক্তি ও মারধরের ঘটনার প্রতিবাদে গতকাল রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের দিকে বিক্ষোভ মিছিল করে ছাত্র ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজু ভাস্কর্যের সামনে থেকে রিকশা নিচ্ছিলেন তিন ছাত্রী। তখন বহিরাগতরা তাঁদের উদ্দেশে বাজে মন্তব্য করে। ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা প্রতিবাদ করলে বহিরাগতদের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বহিরাগতরা হামলা চালায়, যাতে ছাত্র ইউনিয়নের তিন নেতা আহত হন। আহতদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাকিম রয়েছেন।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি তামজীদ হায়দার চঞ্চল ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তিনি হামলায় জড়িতদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ, আহতদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি ক্যাম্পাসে নিপীড়ক ও সন্ত্রাসীদের অনিয়ন্ত্রিত প্রবেশ বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, তাঁরা এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেননি। অভিযোগকারীরা প্রমাণ হিসেবে কোনো ভিডিও ফুটেজ দিতে পারেননি। তিনি বলেন, "এখন অনেকেই ছাত্রদলের নাম ব্যবহার করছেন। কেউ ছাত্রদলের নাম ব্যবহার করে নিজেদের অপকর্ম অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন কি না, তা আমরা খতিয়ে দেখছি।"
প্রক্টর ইসরাফিল রতন অভিযোগের বিষয়ে বলেন, "ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় সব পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে। আইনগত প্রক্রিয়া প্রয়োগ করা হবে। এ ক্ষেত্রে শিথিলতা দেখানোর কোনো সুযোগ নেই।"
মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা
২৬ আগস্ট, ২০২৬ এ ৪:০৩ পূর্বাহ্ণ