রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া হাটে চিংড়ি মাছের ওজন বাড়িয়ে বিক্রির অভিযোগে মো. আরিফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলি মেশানো ৮ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৭টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত ঝলমলিয়া হাটে এই অভিযান চালানো হয়। পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে পরিচালিত হয় এই অভিযান।

অভিযান সূত্রে জানা গেছে, ক্রেতাদের কাছে মাছগুলো সতেজ ও আকারে বড় দেখানোর উদ্দেশ্যে চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় এবং ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ৮ কেজি জেলিযুক্ত চিংড়ি ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম ঝলমলিয়া এলাকার মৃত জলিল মণ্ডলের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, "ভেজাল ও অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।"

তিনি আরও বলেন, "নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শুধু প্রশাসনের অভিযানই যথেষ্ট নয়; ব্যবসায়ীদের দায়িত্বশীল হওয়ার পাশাপাশি ভোক্তাদেরও কেনাকাটার ক্ষেত্রে সচেতন হতে হবে।"

ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রি বন্ধে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।