বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাসে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দুই হাজার ইয়াবা পাচারের চেষ্টা করে দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (১৯ আগস্ট) রাত ১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ভরিয়া পাকুরতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুরের কোতোয়ালি থানার জীবনপুর এলাকার আব্দুল হামিদ এবং বীরগঞ্জ পৌরসভার পুরাতন জেলখানা এলাকার মোছা. মৌ। বৃহস্পতিবার সকালে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিএনসি বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের ভরিয়া পাকুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি অভিযান চালায় ডিএনসির একটি দল। এসময় ঢাকা থেকে বাংলাবান্ধাগামী শালকী সুপার পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসটির এফ-৩ ও এফ-৪ নম্বর আসনে বসা দুই যাত্রী নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিলেও তাদের কাছে কোনো টিকিট ছিল না।

তল্লাশির সময় আব্দুল হামিদের প্যান্টের পকেটে থাকা একটি খাকি খামের ভেতর পাঁচটি প্যাকেটে ১ হাজার ইয়াবা পাওয়া যায়। একইভাবে মৌয়ের দেহ এবং তার কাঁধে ঝোলানো ভ্যানিটি ব্যাগে থাকা পাঁচটি প্যাকেট থেকে আরও ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাদক ছাড়াও তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি ভ্যানিটি ব্যাগ জব্দ করা হয়েছে।

ডিএনসি বগুড়া কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, একটি মাদকের চালান বাসে করে পাচার করা হবে। পরে বাসটির গতিপথ অনুসরণ করে শিবগঞ্জের ভরিয়া পাকুরতলা এলাকায় অভিযান চালানো হয়।"

তিনি আরও জানান, "বাসে স্বামী-স্ত্রী পরিচয়ে পাশাপাশি বসা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। এ সময় দুজনের কাছ থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।"