আজ ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। এই নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের মতামত ব্যক্ত করেছেন সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আজ মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন। কিন্তু কোন উত্তেজনা নাই। কারণ ফলাফল আগে থেকেই সবার জানা। এমনটা হওয়ার কথা ছিল না। কথা ছিল ৭০ অনুচ্ছেদ সংস্কার হবে এবং স্বাধীনভাবে সকলেই ভোটাধিকার প্রয়োগ করবে।’

সাংবিধানিক নিয়ম অনুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৩৫ বছর পর পুনরায় ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। এর আগে সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছিল।

আজকের এই লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। তবে জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির প্রার্থী ও দলটির সদ্য পদত্যাগী মহাসচিব মির্জা ফখরুলই যে বঙ্গভবনের নতুন বাসিন্দা হতে যাচ্ছেন, তা প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তা সত্ত্বেও একাধিক প্রার্থী থাকায় সাংবিধানিক নিয়ম মেনে এই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।