সাংবিধানিক নিয়ম মেনে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট)। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে; সবশেষ ১৯৯১ সালে এই প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।
আজকের এই লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। তবে জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির প্রার্থী ও দলটির সদ্য পদত্যাগী মহাসচিব মির্জা ফখরুলই যে বঙ্গভবনের নতুন বাসিন্দা হতে যাচ্ছেন, তা প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তা সত্ত্বেও একাধিক প্রার্থী থাকায় সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
দীর্ঘ বিরতির পর নির্বাচন হওয়ায় কিছু প্রাতিষ্ঠানিক ঘাটতি থাকলেও একটি সুন্দর ও সুষ্ঠু রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও ‘নির্বাচন কর্তা’ এ এম এম নাসির উদ্দিন। তিনি আরও জানান, বৃহস্পতিবারই ভোট গ্রহণ ও গণনা শেষে নির্বাচিত নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করা হবে। অন্যদিকে, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনের ভোটার, যার মধ্যে সংরক্ষিত নারী আসনের সদস্য রয়েছেন ৫০ জন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হলেও চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা ও সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে এই আসনটি বর্তমানে শূন্য রয়েছে।
নির্বাচনের আগে আজ বেলা ১১টায় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সংসদীয় দলের একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে সদস্যদের ভোটদান পদ্ধতি সম্পর্কে অবহিত করা হবে। সংসদে বিরোধী দলের সদস্য সংখ্যা ৯০ জন। তবে নৈতিকস্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কৃত হওয়ায় তাঁকে আজকের বৈঠকে ডাকা হয়নি। এছাড়া তিনজন বিরোধীদলীয় এমপি এই রিপোর্ট লেখা পর্যন্ত বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে।
এর আগে গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন ২২তম রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। পরবর্তীতে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ১৩ আগস্ট বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য মনোনীত অলি আহমদ মনোনয়নপত্র দাখিল করেন, যা ১৬ আগস্ট যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষিত হয়।