দেশের বাজারে সোনার গহনার দাম বৃদ্ধি করা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানো হয়েছে। নতুন দামে ভ্যাটসহ এক ভরি সোনার গহনার মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ানোর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের সোনা ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকায় বিক্রি হচ্ছে। বাজুসের তথ্য অনুযায়ী, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।
রুপার গহনার দামও বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৪ টাকায়, ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ১৫৯ টাকায় বিক্রি হচ্ছে।
বর্তমানে দেশের বাজারে মানভেদে প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা থেকে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকার মধ্যে এবং রুপার গহনার দাম ৩ হাজার ১৫৯ টাকা থেকে ৫ হাজার ৭৪ টাকার মধ্যে রয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।