দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (এমএসএমই) উদ্যোক্তাদের জন্য সরকারের বিভিন্ন করছাড়, বৈদেশিক লেনদেনের সুবিধা এবং নীতিগত সহায়তা নিশ্চিত করতে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন।
নতুন আয়কর আইন অনুযায়ী, সাধারণ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের ক্ষেত্রে করমুক্ত সুবিধা পাবেন। নারী উদ্যোক্তা এবং প্রতিবন্ধী উদ্যোক্তাদের ক্ষেত্রে এই করমুক্ত সুবিধার সীমা নির্ধারণ করা হয়েছে ৭০ লাখ টাকা পর্যন্ত।
এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, সরকারের এসব বিশেষ সুবিধা ভোগ করতে হলে প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই তাদের অধীনে নিবন্ধিত হতে হবে। উদ্যোক্তারা এখন ঘরে বসেই অনলাইনে আবেদনের মাধ্যমে এই নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে এসএমই ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এমএসএমই নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য সামিম আহমেদ। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার, মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং মো. আবদুস সালাম সরদার উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এসব তথ্য নিশ্চিত করেছে।
নিবন্ধিত উদ্যোক্তারা যেসব সুবিধা পাবেন:
১. করছাড় সুবিধা: আয়কর আইন ২০২৩ অনুযায়ী, সাধারণ উদ্যোক্তারা বার্ষিক ৫০ লাখ টাকা এবং নারী উদ্যোক্তারা ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের আয়ে করছাড় পাবেন।
২. বিদেশে অর্থ পাঠানোর সুবিধা: বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের এক নির্দেশনা অনুসারে, নিবন্ধিত উদ্যোক্তারা ব্যবসায়িক প্রয়োজনে বছরে সর্বোচ্চ তিন হাজার মার্কিন ডলার পর্যন্ত বিদেশে পাঠাতে পারবেন। বিশেষ এসএমই কার্ড বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এই লেনদেন করা যাবে, যার জন্য এসএমই ফাউন্ডেশনের নিবন্ধন থাকা আবশ্যক।
৩. অন্যান্য সেবা ও নীতিসহায়তা: ভবিষ্যতে সরকারের অন্যান্য করসুবিধা ও নীতিসহায়তা পেতে এই নিবন্ধন সনদ প্রয়োজন হবে। এছাড়া জাতীয় ও আঞ্চলিক মেলায় অংশগ্রহণ, আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ, জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কারের আবেদন, সহজ শর্তে ঋণসহায়তা, রপ্তানি প্রশিক্ষণ, ‘ক্রেতা-বিক্রেতা ম্যাচমেকিং’ এবং বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিতে এই নিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া:
এসএমই ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইট (smef.gov.bd), ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া নির্ধারিত লিংক অথবা কিউআর কোড স্ক্যান করে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের জন্য প্রথমে মোবাইল নম্বর দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ট্রেড লাইসেন্স, ব্যবসার তথ্য, ঠিকানা, পণ্য বা সেবার বিবরণ, কর্মিসংখ্যা ও বার্ষিক টার্নওভারের তথ্য আপলোড করতে হবে।
নিবন্ধন ফি হিসেবে এক হাজার টাকা অনলাইনে পরিশোধ করে আবেদন জমা দিতে হবে। প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে আবেদনকারী অনলাইনেই ই-সনদ বা ই-সার্টিফিকেট পাবেন। আবেদনের ক্ষেত্রে যেকোনো সহযোগিতার জন্য এসএমই ফাউন্ডেশনের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।