আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগগুলো তদন্ত করতে একটি কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দুই সদস্যের এই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এই তদন্ত কমিটির কথা জানানো হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল মালেক এবং সদস্য হিসেবে রয়েছেন কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের উপসচিব মোহাম্মদ আবদুস সাদেক।

গত ২৬ জুলাই রিহ্যাবের সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাসসহ পরিচালনা পর্ষদের ১০ জন সদস্য বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক বরাবর একটি আবেদন দাখিল করেন। ওই আবেদনে বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি আলী আফজাল ও সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাকের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ মোট ১২টি বিষয়ে অভিযোগ আনা হয়।

অভিযোগের প্রেক্ষিতে গত ৩০ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোস্তফা জামাল হায়দার একটি শুনানি পরিচালনা করেন। শুনানির পর সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ দিনের জন্য স্থগিত করা হয়। পাশাপাশি যুগ্ম সচিব রিহ্যাব সভাপতিকে ১৫ দিনের মধ্যে অভিযোগকারীদের সঙ্গে আলাপ–আলোচনা করার পরামর্শ দেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এই নির্দেশনার ফলে ১ আগস্ট র‍্যাডিসন হোটেলে নির্ধারিত এজিএম অনুষ্ঠিত হয়নি এবং ১২-১৫ আগস্টের গ্রীষ্মকালীন আবাসন মেলার আয়োজনও সাময়িকভাবে স্থগিত করা হয়।

এদিকে রিহ্যাবের দুজন পরিচালক আজ মুক্তকণ্ঠকে জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে বর্তমান পর্ষদ ১৫ আগস্ট গুলশান ক্লাবে এজিএম করার উদ্যোগ নিয়েছিল। তবে পরিচালনা পর্ষদের একাংশের হস্তক্ষেপে সেই উদ্যোগটি পণ্ড হয়ে যায়।