ভারতের কলকাতায় এক হোটেল অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। এই ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র ছিল কি না, তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি লেখেন, "অবাক কাণ্ড! কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন নিহতের ভেতর ৫ জনই বাংলাদেশি। বিষয়টি বেশ সন্দেহের, আন্তর্জাতিকভাবে এর তদন্ত হওয়া জরুরি।"

ভারত ও ইসরায়েলের প্রতি তার অবিশ্বাস ব্যক্ত করে ফারুক হাসান বলেন, "পৃথিবীর সব দেশকে বিশ্বাস করলেও ইসরায়েল এবং ভারতকে আমি বিশ্বাস করি না।"

ঘটনার রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে তিনি দাবি করেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এবং বাংলাদেশের বর্তমান দৃঢ় কূটনীতি ভারতীয় কর্তৃপক্ষ সহজভাবে গ্রহণ করতে পারছে না। তার ভাষায়, "সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে বাংলাদেশের মেরুদণ্ড শক্ত কূটনীতি ভারতীয়রা মেনে নিতে পারছে না। তারা মনে করেছিল, হাসিনার শাহেনশাহ আমলের মতো বাংলাদেশ ভারতকে কুর্নিশ করবে, কিন্তু বাংলাদেশের চিত্র এখন ঠিক তার উল্টো।"

বাংলাদেশ সরকারের প্রতি এই ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়ে তিনি আরও উল্লেখ করেন, "বাংলাদেশ সরকার ভারতকে কঠিন শর্তের বেড়াজালে আবদ্ধ করেছে, যেটা বিগত ৫৫ বছরে ছিল একটা স্বপ্নের মতো।"

পাশাপাশি ভারত ও বাংলাদেশের পারস্পরিক জনমত নিয়ে একটি গবেষণার কথা উল্লেখ করে ফারুক হাসান জানান, ভারতের ২৪ শতাংশ মানুষ বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করলেও ৭৬ শতাংশ মানুষের ধারণা নেতিবাচক। অন্যদিকে, বাংলাদেশের ৪২ শতাংশ মানুষ ভারত সম্পর্কে ভালো ধারণা পোষণ করেন।