নির্বাচনী কার্যক্রম এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববাসীর আগ্রহ রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে কে রাষ্ট্রপতি হচ্ছেন—এ বিষয়টি সবার দৃষ্টি কেড়েছে।
আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এর আগে আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।
এক প্রশ্নের জবাবে সিইসি ‘বিশ্ববাসী তাকিয়ে আছে’ বলার কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, দেশে একটি গণ–অভ্যুত্থান হয়েছে। একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করেছেন। এখন কে রাষ্ট্রপতি হবেন তা সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। তিনি আরও বলেন, বিদায়ী রাষ্ট্রপতি মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ না করলে মানুষের এত আগ্রহ থাকত কি না—তা ভিন্নভাবে দেখাই যেত।
সিইসি জানান, নির্বাচন পরিচালনার জন্য প্রণীত তফসিল অনুযায়ী আগামীকাল বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। নির্বাচনে সহায়তার জন্য কমিশন থেকে ২০ জনের তালিকা সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। তিনি বলেন, নির্বাচন আয়োজনে সংসদ সচিবালয় ইসিকে সব ধরনের সহযোগিতা করছে এবং প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই।
রাষ্ট্রপতি নির্বাচনের ব্যয় প্রসঙ্গে জানতে চাইলে সিইসি বলেন, তিনি এ নির্বাচনে বড় ধরনের অতিরিক্ত খরচ দেখছেন না। ব্যালট পেপার ছাপানো ও কাগজপত্র-স্টেশনারির মতো কিছু খরচ ছাড়া নির্বাচন কমিশনের অতিরিক্ত ব্যয় তেমন নেই। সংসদ ভবনে বৈঠক আয়োজনের বিদ্যুৎ, শীতাতপ নিয়ন্ত্রণসহ অন্যান্য ব্যয় সংসদ সচিবালয়ের।
এ সময় সিইসি বলেন, ‘অনেক পত্রপত্রিকা (দেখে) তো মনে হচ্ছে যেন আমরা কোটি কোটি টাকা খরচ করতেছি...। কিন্তু আসলে সে রকম কিছু না।’