লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া পিস্তলসহ পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দুপুরে চন্দ্রগঞ্জ উপজেলার পোদ্দার বাজার এলাকা থেকে মো. নিশান ওরফে ছোট নিশান (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সদস্যরা পোদ্দার বাজার এলাকায় অবস্থান করছিলেন। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে নিশান মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে ধাওয়া করে তাঁকে গ্রেপ্তার করা হয়। তল্লাশির সময় তাঁর কোমরে গুঁজে রাখা ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া ১টি পিস্তল, ১২ রাউন্ড গুলি এবং ১টি আধুনিক ছুরি পাওয়া যায়। পাশাপাশি তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার নিশান চন্দ্রগঞ্জ থানায় দায়ের করা একাধিক হত্যা মামলার আসামি এবং বেশ কিছু মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। পুলিশের ‘সন্ত্রাসীর’ তালিকায় নাম থাকা সত্ত্বেও দীর্ঘ দিন পলাতক ছিলেন তিনি।
গতকাল রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। তিনি বলেন, "অভিযুক্ত নিশানকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে আসছিল র্যাব। পরে নির্দিষ্ট তথ্যর ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে থানায় একটি মামলা করেছে।"
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, গ্রেপ্তার নিশান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁকে গ্রেপ্তারের জন্য আগেও পুলিশ কয়েকবার অভিযান চালিয়েছে। আজ বুধবার তাঁকে আদালতে পাঠানোর কথা রয়েছে।