গুম, বিচারবহির্ভূত হত্যা এবং গোপন বন্দিশালা পরিচালনার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মুখে থাকা র‍্যাবকে বিলুপ্ত না করে নতুন নামে রাখা হচ্ছে বলে জানা গেছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নামে এই বাহিনীটি বহাল রাখা হচ্ছে।

জাতিসংঘ এবং গুম-সংক্রান্ত তদন্ত কমিশনসহ বিভিন্ন প্রভাবশালী মহল থেকে র‍্যাব বিলুপ্ত করার জোরালো দাবি ও সুপারিশ উত্থাপিত হয়েছিল। এমনকি জাতীয় নির্বাচনের আগে বিএনপি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বাহিনীটি বিলুপ্ত করার দাবি জানিয়েছিল। তবে এসব দাবি ও সুপারিশের বিপরীতে বাহিনীকে পুরোপুরি বিলুপ্ত না করে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।