সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সতীশ চন্দ্র রায় পরলোকগমন করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ৩০ মিনিটে দিনাজপুরের বিরল উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার জ্যেষ্ঠ সন্তান অরবিন্দু রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, "বুধবার সকাল ১০টায় পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পাদন করা হবে।"

রাজনৈতিক জীবনে সতীশ চন্দ্র রায় ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন দিনাজপুর-৭ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৯১ সালের পঞ্চম এবং ১৯৯৬ সালের ১২ জুনের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি দিনাজপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনীতিতে পূর্ণাঙ্গভাবে প্রবেশের আগে তিনি বিরল উপজেলার মোহনা মঙ্গলপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।