চট্টগ্রাম নগরের মুরাদপুর–অক্সিজেন সড়কের আতুরার ডিপো এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েন। ফলে খাগড়াছড়ি, রাঙামাটি, হাটহাজারী ও রাউজানের যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার করতে হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি আতুরার ডিপো এলাকার একটি পোশাক কারখানার মালিকানা পরিবর্তিত হয়। এরপর থেকেই বকেয়া বেতন নিয়ে নতুন মালিকের সঙ্গে শ্রমিকদের বিরোধ শুরু হয়। যদিও মালিকপক্ষ পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছিলেন, তবে সমস্যার সমাধান হয়নি। এছাড়া এর আগে শ্রমিকদের পালন করা চার দিনের কর্মবিরতির বেতন-ভাতা পরিশোধ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শ্রমিকেরা ওই চার দিনের পাওনা দাবি করলেও মালিকপক্ষ তা দিতে রাজি না হওয়ায় তাঁরা বিক্ষোভে নেমে সড়কে অবরোধ করেন বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে শিল্প পুলিশ চট্টগ্রামের সুপার মাহমুদা বেগম দুপুরে মুক্তকণ্ঠকে জানান, "সকাল সাড়ে ৯টা থেকে শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। পরে তাঁরা সকাল সাড়ে ১০টার দিকে সড়ক অবরোধ শুরু করেন। ঘটনাস্থলে শিল্প ও থানা–পুলিশ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে কাজে ফেরানোর চেষ্টা চলছে। দীর্ঘদিন ধরে দেনা পাওয়া নিয়ে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের দ্বন্দ্ব চলছে। এরই মধ্যে মালিকানা পরিবর্তন হয়। সর্বশেষ চার দিনের বেতন–ভাতার টাকা নিয়ে শ্রমিকদের সঙ্গে মালিকের দ্বন্দ্ব হয়। বিষয়টিও সুরাহা করা হয়।"
তিনি আরও বলেন, "মুরাদপুর–হাটহাজারী সড়কের লোকজন বিকল্প সড়ক ব্যবহার করছেন। আশপাশে আরও পোশাক কারখানা রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে কারখানায় ফেরানোর চেষ্টা চলছে।"