চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে কোদাল দিয়ে কুপিয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে দোহাজারী পৌরসভার উল্লাহপাড়া এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূর নাম নুর হাবা (২৫) এবং তাঁর স্বামীর নাম মো. সেলিম (২৪)। তাঁরা উভয়েই রোহিঙ্গা নাগরিক। দোহাজারী পৌরসভার উল্লাহপাড়া এলাকায় আইয়ুব আলী সওদাগরের বাড়িতে তাঁরা ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে মো. সেলিম কোদাল নিয়ে কাজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর তিনি পুনরায় বাসায় ফিরে দেখেন তাঁর স্ত্রী দরজা বন্ধ করে বাইরে যাচ্ছেন। এই বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে সেলিম কোদাল দিয়ে নুর হাবাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত নুর হাবাকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, "খবর পেয়ে হাসপাতাল থেকে মো. সেলিমকে পুলিশ আটক করা হয়েছে। এ বিষয়ে মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"