জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে দ্রুত পদক্ষেপ নিয়ে মহাখালী বাস টার্মিনাল থেকে চুরি হওয়া এনা পরিবহনের একটি বাস উদ্ধার করেছে পুলিশ। এই অভিযানে বাসের ভেতর থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল থেকে বাসটি চুরি হয়। চুরির পর বাসে থাকা জিপিএস ট্র্যাকারের মাধ্যমে সেটির অবস্থান শনাক্ত করে মাহফুজ নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন দেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, "৪০ আসনের এনা পরিবহনের বাসটি টার্মিনালে পার্ক করা ছিল। চুরির পর জিপিএস ট্র্যাকারে বাসটিকে মিরপুর বেড়িবাঁধ এলাকায় চলমান অবস্থায় দেখতে পান বাস কর্তৃপক্ষ।"

তিনি আরও জানান, ৯৯৯-এ কল দেওয়ার পর কলটি গ্রহণ করেন কনস্টেবল সাখাওয়াত হোসেন। এরপর দ্রুত বাস উদ্ধারে ডিএমপি কন্ট্রোলরুম, তুরাগ থানা ও রূপনগর থানাকে বিষয়টি জানানো হয়। পুরো প্রক্রিয়ায় কলার এবং সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই আমিনুল ইসলাম।

৯৯৯ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রূপনগর থানা পুলিশের একটি দল মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি মোড় থেকে প্রায় ৫০০ গজ উত্তরে অভিযান চালায়। এসময় ধাওয়া করে ঢাকা মেট্রো-ব-১৪-৭৩০৯ নম্বরের এনা পরিবহনের বাসটি আটক করা হয় এবং বাস থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নরসিংদীর রায়পুর থানার হিঙ্গাতলী এলাকার মো. রবিউল্লাহর ছেলে মো. রাসেল (২১), যিনি বর্তমানে মহাখালী বাস টার্মিনালে থাকেন। অন্য গ্রেপ্তার ব্যক্তি লালচান (৩০), যার বাড়ি শেরপুরের ঝিনাইগাতী থানার পাইকড়া এলাকায় এবং বর্তমানে তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন তিব্বত এলাকার আলকাতরা ফ্যাক্টরিতে থাকেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।