ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেই যে হাসপাতালে ভর্তি হতে হবে, তা নয়। চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে অনেক ক্ষেত্রে বাড়িতেই এই রোগের চিকিৎসা সম্ভব। ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. সাইফ হোসেন খানের সঙ্গে কথা বলে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রাফিয়া আলম।

রোগীর শারীরিক অবস্থা এবং জটিলতার ঝুঁকি বিবেচনা করে চিকিৎসক সিদ্ধান্ত নেন তিনি হাসপাতালে ভর্তি থাকবেন নাকি বাড়িতে চিকিৎসা নেবেন। যদি কোনো জটিলতা না থাকে কিংবা নিকট ভবিষ্যতে জটিলতা সৃষ্টির ঝুঁকি কম থাকে, তবেই চিকিৎসক বাড়িতে চিকিৎসার পরামর্শ দেন। তবে বাড়িতে চিকিৎসার সময় কোন কোন উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে আসতে হবে, সে বিষয়ে স্বজনদের পরিষ্কার ধারণা থাকতে হবে।

বাড়িতে চিকিৎসাধীন রোগীর ক্ষেত্রে পূর্ণ বিশ্রামের পাশাপাশি চোখের বিশ্রাম এবং সব সময় মশারি ব্যবহার নিশ্চিত করতে হবে। খাবারের তালিকায় সহজপাচ্য খাবার এবং পর্যাপ্ত তরল, বিশেষ করে লবণসমৃদ্ধ পানীয় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বয়স ও শারীরিক অবস্থা ভেদে তরল গ্রহণের পরিমাণ ভিন্ন হতে পারে এবং কিছু ক্ষেত্রে লবণাক্ত তরল গ্রহণে নিষেধাজ্ঞা থাকে, তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

জ্বর ও ব্যথার জন্য কেবল প্যারাসিটামল সেবন করতে হবে এবং তারিখ ও সময়সহ জ্বরের রেকর্ড লিখে রাখতে হবে। জ্বর থাকলে কুসুম গরম পানি দিয়ে শরীর মোছা যেতে পারে অথবা সতর্কতার সাথে কুসুম গরম পানিতে গোসল করানো যেতে পারে। এছাড়া প্রস্রাবের পরিমাণ ও রঙের দিকে নজর রাখা এবং আগে থেকে অ্যাসপিরিন বা রক্ত পাতলা করার কোনো ওষুধ সেবন করলে তা চিকিৎসককে জানানো জরুরি। মনে রাখতে হবে, জ্বর কমে যাওয়ার পরও বিপদ হতে পারে, তাই চিকিৎসকের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

চিকিৎসকের পরামর্শ ছাড়া বাড়িতে শিরাপথে স্যালাইন গ্রহণ করা এবং প্রয়োজনের অতিরিক্ত তরল পান করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে আইবুপ্রফেন, ন্যাপ্রোক্সেনসহ যেকোনো নন-স্টেরয়ডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ওষুধ, স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না। নির্ধারিত মাত্রার চেয়ে বেশি প্যারাসিটামল সেবন করাও ঝুঁকিপূর্ণ।

প্লেটলেটের মাত্রা নিয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন ডা. সাইফ হোসেন খান। তিনি জানান, চিকিৎসক রোগীর শারীরিক পরীক্ষা এবং রক্তের বিভিন্ন প্যারামিটার দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেন। এছাড়া পেঁপেপাতার রস বা বিভিন্ন ঘরোয়া টোটকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।