কুমিল্লায় হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে এক নারী ও তাঁর নাতনির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাশে শাসনগাছা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের উত্তর পাড়া এলাকার মৃত মিজান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) ও তাঁর নাতনি চাঁদনী আক্তার (১৫)।
রেলওয়ে পুলিশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, জোসনা বেগম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন এবং তাঁর সঙ্গে ছিলেন নাতনি চাঁদনী। চিকিৎসা শেষ করে তাঁরা বাড়ি ফেরার উদ্দেশ্যে কুমিল্লা রেলওয়ে স্টেশনসংলগ্ন শাসনগাছা বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন।
গতকাল সন্ধ্যার দিকে শাসনগাছা এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে তাঁরা চলে আসেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় নিয়ে যায়।
ঘটনার বিষয়ে লাকসাম রেলওয়ে থানার আওতাধীন কুমিল্লা স্টেশন ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মামুনুর রশিদ বলেন, "মরদেহের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম কাজ করে। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।"
দুর্ঘটনার পর শাসনগাছা এলাকায় রেললাইনের আশপাশে স্থানীয়দের ভিড় জমে। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দাদের মতে, রেললাইন পারাপারের সময় ট্রেন আসছে কি না সেদিকে খেয়াল না করায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের এক স্বজন জোহরা বেগম জানান, তাঁরা গতকাল রাত আনুমানিক সাড়ে আটটার দিকে পুলিশের মাধ্যমে মুঠোফোনে দুর্ঘটনার খবর পান এবং পরবর্তীতে রেলস্টেশনে এসে মরদেহ দুটি দেখতে পান।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।