হরমুজ প্রণালির ভেতর থেকে আবারও অপরিশোধিত তেল বোঝাইয়ের কার্যক্রম শুরু করেছে সৌদি আরামকো। বর্তমানে তেল বোঝাইয়ের জন্য আরও বেশ কিছু ট্যাংকার সেখানে অপেক্ষমাণ রয়েছে। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য ও বাণিজ্য সংশ্লিষ্ট সূত্রগুলো এই খবর নিশ্চিত করেছে।
জানা গেছে, গত সোমবার সৌদি জ্বালানি প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলে জাহাজ থেকে জাহাজে হস্তান্তরের মাধ্যমে তেল বোঝাইয়ের জন্য এশীয় পরিশোধনাগারগুলোর কাছে ‘আরব মিডিয়াম’ এবং ‘আরব হেভি’ অপরিশোধিত তেলের চালানের প্রস্তাব দিয়েছে।
গত মাসে হরমুজ প্রণালিতে আরামকোর ট্যাংকার বহরে হামলা চালানোর পর কোম্পানিটি কয়েক সপ্তাহের জন্য তাদের বিক্রি বন্ধ রেখেছিল।
বিশ্লেষকদের ধারণা, সৌদি আরবের রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হওয়ায় বিশ্ববাজারে অপেক্ষাকৃত ভারী অপরিশোধিত তেলের ঘাটতি হ্রাস পেতে পারে। এই ধরনের তেল থেকে অধিক পরিমাণে অবশিষ্টাংশ জ্বালানি পাওয়া যায়, যা জাহাজে ব্যবহারের পাশাপাশি প্রক্রিয়াজাত করে পেট্রল ও ডিজেলের মতো পণ্য উৎপাদন করা সম্ভব।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তিনটি অতিবৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজ—মালয়েশিয়া প্রসপারিটি, আলজেরিয়া প্রসপারিটি এবং সিঙ্গাপুর প্রসপারিটি—১২ থেকে ১৬ আগস্টের মধ্যে জুয়াইমাহ ও রাস তানুরা টার্মিনাল থেকে প্রতিটি ২০ লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল বোঝাই করেছে।
তবে এই বিষয়ে সৌদি আরামকো কোনো মন্তব্য করতে রাজি হয়নি। একইভাবে ট্যাংকারগুলোর মালিক প্রতিষ্ঠান সিনোকোরও রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।