ডেইলি মেইলয়ের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের মামলায় প্রিন্স হ্যারিসহ সাতজনকে আইনি ব্যয়ের বড় অঙ্ক পরিশোধের সম্ভাবনার মুখে পড়তে হতে পারে। আদালতের গতকালের সিদ্ধান্ত অনুযায়ী, মামলায় হারলে তাঁদের প্রতিপক্ষের আইনি খরচ বাবদ সর্বোচ্চ ৩ কোটি ৪৫ লাখ পাউন্ড পরিশোধ করতে হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় ৫৭৫ কোটি ৫৩ লাখ টাকার বেশি (১ পাউন্ড সমান ১৬৬ টাকা হিসেবে)।

গতকাল শুক্রবার যুক্তরাজ্যের হাইকোর্টের এক বিচারপতি আইনি ব্যয় সংক্রান্ত বিষয়ে ব্যতিক্রমী এ আদেশ দেন। মামলার সাত বাদীর মধ্যে এলটন জন ও লিজ হার্লিও রয়েছেন। বিচারপতির নির্দেশ অনুযায়ী, আগামী শুক্রবারের মধ্যে প্রাথমিকভাবে ডেইলি মেইলের প্রকাশনা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেডকে (এএনএল) ৯৫ লাখ ৪০ হাজার পাউন্ড পরিশোধ করতে হবে।

আদালতের মতে, এটি এমন এক বিরল প্রেক্ষাপট, যেখানে বাদীদের সম্মত হওয়া খরচের চেয়ে অনেক বেশি অঙ্ক পরিশোধের সম্ভাবনা তৈরি হয়েছে। বিচারপতি রায়ে বাদীদের দাবি উপস্থাপন পদ্ধতির সমালোচনা করে বলেন, তা ছিল ‘অত্যন্ত মাত্রায় অযৌক্তিক’।

গত ৭ জুলাই বিচারপতি নিকলিন ডেইলি মেইলের বিরুদ্ধে অবৈধভাবে তথ্য সংগ্রহের অভিযোগসংক্রান্ত বাদীদের দাবিগুলো খারিজ করে দেন। অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেড অবশ্য এসব অভিযোগ আগেই অস্বীকার করেছিল।

ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও অন্য ছয় বাদীকে আপিল করার জন্য আগামী ২ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন আদালত।

অন্য বাদীরা হলেন গায়ক এলটন জন ও তাঁর স্বামী ডেভিড ফার্নিশ, লিবারেল ডেমোক্র্যাট দলের সাবেক উপনেতা সাইমন হিউজেস, অধিকারকর্মী ব্যারনেস লরেন্স এবং অভিনেত্রী স্যাডি ফ্রস্ট ও লিজ হার্লি।

মামলায় হারলে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের আইনি খরচ বাবদ সর্বোচ্চ ১ কোটি ৬২ লাখ পাউন্ড পর্যন্ত পরিশোধের জন্য তাঁদের বিমা করা ছিল। তবে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেড নিজেদের পক্ষে মামলা লড়তে ৩ কোটি ৪৫ লাখ পাউন্ড পর্যন্ত খরচ হয়েছে বলে জানায়। শুক্রবারের রায় অনুযায়ী, তারা এর পুরোটা আদায়ের চেষ্টা করতে পারে।

ফলে প্রিন্স হ্যারি ও অন্যদের পকেট থেকে বিমার ওই অর্থের বাইরে আরও প্রায় ১ কোটি ৮০ লাখ পাউন্ডের বিল গুনতে হতে পারে।

বিচারপতি বলেন, ‘৩ কোটি ৪০ লাখ পাউন্ডের বেশি আইনি খরচের দাবি আমার কাছে আপাতদৃষ্টিতে অতিরিক্ত মনে হচ্ছে। এতে যুক্তিসংগতভাবেই প্রশ্ন ওঠে, অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স যে অর্থ এখন দাবি করছে, তার সবটুকু খরচ সত্যিই যুক্তিসংগতভাবে হয়েছে কি না এবং দাবিকৃত অর্থের পরিমাণও যৌক্তিক কি না।’

তবে বিচারপতি আরও বলেন, অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স যে পরিমাণ আইনি খরচ আদায় করতে পারবে, তার ওপর তিনি কোনো সর্বোচ্চ সীমা নির্ধারণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, এমন সীমা নির্ধারণ করলে তা ‘অতিরিক্ত সাধারণীকরণ’ হয়ে যেত, অন্যায় হওয়ার ঝুঁকি থাকত এবং সেই সিদ্ধান্তকে ‘খেয়ালখুশি মতো নেওয়া’ বলে সমালোচনার সুযোগ তৈরি হতো।