যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের নিউহ্যাম এলাকায় দুর্বৃত্তের গুলিতে মাছুম আহমদ (৪০) নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে সেন্ট বার্থোলোমিউস সড়কে একটি গাড়ির ভেতর থেকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

নিহত মাছুম আহমদের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কারিকোনা গ্রামে। তিনি মোহাম্মদ আমির আলীর বড় ছেলে। ছোটবেলা থেকেই লন্ডনে বসবাস করছিলেন মাছুম, তবে মাঝেমধ্যে দেশে আসতেন। তাঁর আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বাবা ছাড়া পরিবারের বাকি সদস্যরা যুক্তরাজ্যেই থাকেন।

মাছুমের ছোট ভাই মানিক উদ্দিন মুক্তকণ্ঠকে তাঁর ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় ভোর চারটার দিকে পুলিশ তাঁদের বাসায় এসে প্রথমে জানতে চায় এটি মাছুম আহমদের বাসা কি না। পরিবারের সদস্যরা নিশ্চিত করার পর পুলিশ মাছুমের একটি ছবি দেখতে চায় এবং এরপর জানায় যে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

মানিক উদ্দিন বলেন, ‘কী কারণে বা কারা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে, তা এখনো জানতে পারিনি।’ তিনি আরও জানান, মাছুমের মরদেহ বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।

মেট্রোপলিটন পুলিশ অনলাইনে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার ভোর আনুমানিক তিনটার দিকে নিউহ্যামের সেন্ট বার্থোলোমিউস রোডে গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। দ্রুত সেখানে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ও লন্ডনের এয়ার অ্যাম্বুলেন্সের সদস্যরাও উপস্থিত হন। একটি গাড়ির ভেতরে মাছুমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পুলিশ ও চিকিৎসাকর্মীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের সহায়তা দিচ্ছেন।

পুলিশ আরও জানিয়েছে, সেন্ট বার্থোলোমিউস রোডের ঘটনাস্থল ঘিরে রেখে গোয়েন্দারা আলামত সংগ্রহ ও তদন্তকাজ চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তদন্তের নেতৃত্বে থাকা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর ড্যান হুইটেন নিহত ব্যক্তির পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, এই হত্যাকাণ্ড স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ঠিক কী ঘটেছে তা উদ্‌ঘাটন এবং অপরাধীদের শনাক্ত করতে তদন্ত দল সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

ঘটনার পর ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। বিশেষ করে মঙ্গলবার ভোরের দিকে ওই এলাকায় উপস্থিত থাকা বা কোনো কিছু দেখে থাকতে পারেন, এমন ব্যক্তিদের পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। ড্যান হুইটেন বলেন, ‘যেকোনো ছোট তথ্যও তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।’

পুলিশ এখন পর্যন্ত এই ঘটনার উদ্দেশ্য কিংবা মাছুমকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল কি না, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।

কোনো প্রত্যক্ষদর্শী বা ঘটনার ভিডিও ফুটেজ থাকলে রেফারেন্স নম্বর ‘সিএডি ৭৯৭/১৮এইউজি’ উল্লেখ করে ১০১ নম্বরে পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।