দিল্লি প্রিমিয়ার লিগের এক ম্যাচে ব্যাটারের সজোরে মারা স্ট্রেট ড্রাইভ মুখে লেগে গুরুতর আহত হয়েছেন ভারতীয় আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। বর্তমানে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সোমবার অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের মধ্যকার ম্যাচে এই দুর্ঘটনাটি ঘটে। ইস্ট দিল্লির ১৯২ রানের জবাবে ব্যাট করছিল নিউ দিল্লি টাইগার্স।
নিউ দিল্লির ইনিংসের ১৮তম ওভারে আশিস মিনার বলে লক্ষয় থারেজা একটি জোরালো স্ট্রেট ড্রাইভ খেলেন। বলটি এত দ্রুত গতিতে ভরদ্বাজের দিকে ধাবিত হয় যে, সরে যাওয়ার সুযোগ পাননি তিনি। বলটি সরাসরি তার মুখের ডান পাশে আঘাত করে, যার ফলে তিনি সাথে সাথে মাঠে লুটিয়ে পড়েন। এই ঘটনায় হতভম্ব হয়ে যান ব্যাটার থারেজাও। দ্রুতই খেলোয়াড় ও চিকিৎসাকর্মীরা আম্পায়ারের পাশে ছুটে আসেন এবং কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখা হয়।
পরবর্তীতে ভরদ্বাজকে হাসপাতালে নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আরও পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য তাকে আইসিইউতে রাখা হয়েছে এবং চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
উল্লেখ্য, চলতি দিল্লি প্রিমিয়ার লিগে ভরদ্বাজের শরীরে বল লাগার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে অন্য এক ম্যাচে একটি শট তার কাঁধে লেগেছিল, তবে সেই আঘাত গুরুতর ছিল না।
মাঠের এই দুর্ঘটনার মাঝে ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছে ইস্ট দিল্লি রাইডার্স। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৯২ রান তোলা এই দলটির জবাবে নিউ দিল্লি টাইগার্স ১৯.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে যায়। ফলে ৩৬ রানের জয় পায় ইস্ট দিল্লি। তবে ম্যাচের ফলাফলের চেয়ে এখন আম্পায়ার ভরদ্বাজের শারীরিক অবস্থা নিয়েই বেশি আলোচনা চলছে। তার চিকিৎসার সর্বশেষ অবস্থার বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।